সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহর দেয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা ছাত্ররা। আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আজ বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় এনসিপি’র পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।
