সাঘাটায় অবৈধ স্থাপনায় জনদুর্ভোগ

সাঘাটায় অবৈধ স্থাপনায় জনদুর্ভোগ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঐতিহ্যবাহী সাঘাটা হাটবাজার স্থানীয় কিছু প্রভাবশালী মহলের অবৈধ দখলের অভিযোগ উঠেছে। সরকারি অর্থায়নে নির্মিত শেডঘরের ভেতরের জায়গা দখল করে গড়ে উঠেছে পাকা-আধাপাকা গেটঘর। পাশাপাশি বাজারের বিভিন্ন সড়ক ও চলাচলের জায়গা দখল করে বসানো হয়েছে দোকানপাট। এতে একদিকে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্রেতা-বিক্রেতাসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিন দেখা যায়, সাধারণ ব্যবসায়ীদের সুবিধার জন্য নির্মিত শেডের মাঝের খালি জায়গা দখল করে কয়েকটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ কারণে শেডের ভেতরে ব্যবসায়ীদের বসার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে কাঁচামাল, পান ও মসলা ব্যবসায়ীদের একটি অংশ বাধ্য হয়ে সড়কের উপর দোকান নিয়ে বসছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি স্থাপনা ও জনসাধারণের চলাচলের জায়গা এভাবে দখল হওয়ায় হাটের ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। বিশেষ করে হাটবারে সড়কের উপর দোকানপাট বসায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এমনকি জরুরি রোগী বহনকারী এম্বুলেন্স ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িকেও দীর্ঘ সময় আটকে থাকতে হয়। হাটের সাধারণ ব্যবসায়ীদের জন্য নির্মিত সরকারি শেডের ভেতরের জায়গা দখল করে গেটঘর নির্মাণের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এসব স্থাপনা অপসারণ করা হলে শেডের ভেতরে পর্যাপ্ত জায়গা তৈরি হবে এবং সড়কের উপর বসা অনেক দোকান সেখানে স্থানান্তর করা সম্ভব হবে। হাটের অব্যবস্থাপনা ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সাঘাটা ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। সাঘাটা ইউপি সদস্য গোলাম হোসেন বেপারী বলেন, সরকারি শেডঘরের ভেতরের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দিলে সেখানে ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করা সম্ভব হবে। বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।