বরিশালের বাকেরগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল। গতকাল সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা অভিযানে তিনি নিজেই সরাসরি অংশ নিয়ে রাস্তার পাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করেন। তার এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামের উদ্যোগে নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়ে আসছে। প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় শুক্রবার সকালে ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও ড্রেনের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এ সময় ইউএনও মিল্টন চন্দ্র পাল সেখানে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কাজে যোগ দেন। অভিযান চলাকালে রাস্তার দু’পাশের ঝোপঝাড়, আগাছা, লতাপাতা ও বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। এতে সড়কের দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলেও নিরাপদ পরিবেশ তৈরি হয়।
পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে বাকেরগঞ্জ থেকেই পরিচ্ছন্নতার কার্যক্রমকে আরও জোরদার করতে চাই। বাকেরগঞ্জের যুবসমাজ ও সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতেই আমি নিজে মাঠে নেমে কাজ শুরু করেছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে আমাদের পৌরসভাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব। পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগী ওবায়দুল ইসলাম বলেন, জনগণের সুবিধার কথা চিন্তা করে আমরা প্রতি সপ্তাহে রাস্তাঘাট ও ড্রেনের আশপাশ পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্টরা বলেন ইউএনও স্যার নিজে এসে আমাদের সঙ্গে পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়ায় আমরা উৎসাহিত হয়েছি।
