চৌমুহনী শহরকে মাদকমুক্ত করার প্রত্যয়

ফন্ট সাইজ:

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চৌমুহনী পৌরসভার মণ্ডলপাড়া লোকনাথ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম. ইমরান হোসেনের সভাপতিত্বে এবং বেগমগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীপক চন্দ্র সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন- বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান, চৌমুহনী পৌর বিএনপি’র আহ্বায়ক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, আল মামুন ফিরোজ কবির, বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) চৌমুহনী ইউনিট এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাদল, গনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার মিলন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ ও যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। সভায় স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডকে মাদকমুক্ত রাখতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।