সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে হাম উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে পিআইসিইউ ও এসসিইউতে শিশুরা মারা যায়। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেটের দু’জন এবং সুনামগঞ্জের একজন। সিলেটের মৃতদের একজনের নাম উদ্ভব, বয়স পাঁচ মাস। সে ফেঞ্চুগঞ্জের বাসিন্দা এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর শিশুটির বয়স ৯ মাস ১১ দিন।

সে সিলেটের টুকেরবাজার এলাকার বাসিন্দা এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সুনামগঞ্জের মৃত শিশু হুমায়রা, বয়স ১১ মাস। সে ছাতক উপজেলার ফয়জারাবাজার এলাকার বাসিন্দা এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৩৫৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন চিকিৎসাধীন।

এ ছাড়া, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জে দু’জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।