চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মরা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

ওই গ্রামের তৌহিদুল ইসলাম জানান, জুমার নামাজের সময় বাড়ির মহিলারাও রান্নার কাজে ব্যস্ত ছিলেন ওই সময়ে শিশুরা নদীতে গোসল করতে নেমেছিল। পরে তারা পানিতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শী এক মহিলার চিৎকারে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে নদীতে গিয়ে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, নদীতে গোসল করতে নেমে ৫ মেয়েশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। পরিবারের অসাবধানতার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। নৌ পুলিশের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, মৃত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনা এড়াতে নদীপাড়ের বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।