স্কুল মাঠের উপর ড্রেজারের পাইপলাইন

স্কুল মাঠের উপর ড্রেজারের পাইপলাইন

ফন্ট সাইজ:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে নেয়া হয়েছে ড্রেজারের দীর্ঘ পাইপলাইন। ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশের আবাদি জমি ভরাটের কাজে এই পাইপ ব্যবহার করায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। মাঠের বড় অংশ জুড়ে পাইপ থাকায় তাদের স্বাভাবিক চলাফেলা ও খেলাধুলা পুরোপুরি ব্যাহত হচ্ছে। সরজমিন দেখা যায়, বিদ্যালয়ের একেবারে ঘেঁষে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। সেই বালু আবাদি জমিতে নেয়ার জন্য প্লাস্টিকের মোটা পাইপ বসানো হয়েছে সরাসরি শিক্ষার্থীদের খেলার মাঠে। এতে খেলার জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি ছোটাছুটির সময় পাইপে হোঁচট খেয়ে দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী রাসেল আক্ষেপ করে বলে, আমরা চাই পাইপটা দ্রুত সরিয়ে নেয়া হোক; যাতে আবার খেলতে পারি। স্থানীয়দের অভিযোগ, সোহাগ মিয়া নামে এক ব্যক্তি নিয়মনীতির তোয়াক্কা না করে নদ থেকে বালু তুলে ব্যক্তিগত জমি ভরাট করছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে এভাবে পাইপলাইন টানা এবং আবাদি জমি ভরাটের বিষয়টি তদন্ত করার দাবি জানান তারা। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত সোহাগ মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি সরজমিন যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ বিঘ্নিত করার কোনো সুযোগ নেই।