দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানী

দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানী

ফন্ট সাইজ:

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিরোধী দল আন্দোলন করলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানী বলেন, ‘আমরা ১৭ বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, তাতে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এজন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘বিরোধী দল লংমার্চ করেছে, আবার আন্দোলনের কথা বলছে। বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে না।

এ ধরনের আন্দোলন এলাকার জন্য ক্ষতিকর, দেশের জন্যও ক্ষতিকর।’ বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘আন্দোলন করে বিএনপিকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। তারা মনে করছে, আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে। সেই সুযোগে জনগণ বাধ্য হয়ে তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেয়া যাবে না। এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।’ চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ অনেকে।