৬ দফা দাবিতে ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করুন: শাহজাহান

৬ দফা দাবিতে ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করুন: শাহজাহান

ফন্ট সাইজ:

আগামী ৫ই সেপ্টেম্বর ৬ দফা দাবি আদায়ে ১১ দলের লং মার্চ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আকবরশাহ্‌ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন (সদস্য) শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আকবরশাহ থানা জামায়াতের আমীর মো. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, রুকনদের শপথের আলোকে নিজেদের জীবন গড়ে তুলতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি আমল-আখলাক ও চরিত্রের বিশুদ্ধতা অর্জন করতে হবে। একই সঙ্গে আগামী ৫ই সেপ্টেম্বর ৬ দফা দাবি আদায়ে ১১ দলের লং মার্চ সফল করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম বলেন, রুকনদের নিফাকমুক্ত জীবন গড়ে তুলতে হবে। কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় না গেলেও বিরোধী দল হিসেবে মূলধারার ভূমিকা পালন করছে। রাষ্ট্রীয় পরিবর্তনের আগে সমাজ পরিবর্তনের লক্ষ্যে সামাজিক বিপ্লব ঘটানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের শুরুতে দরসুল কোরআন পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ আদিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আকবরশাহ্‌ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন ও জামায়াত নেতা আবদুল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।