সৌদি আরবে অগ্নিকাণ্ড

নলডাঙ্গার রবিউলের জানাজা সম্পন্ন, বাড়িতে শোকের মাতম

ফন্ট সাইজ:

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩ প্রবাসীর মধ্যে রবিউল ইসলামের মরদেহ বৃস্পতিবার মধ্যরাতে নিজ গ্রাম নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এসে পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর নিহতের পরিবারের সদস্যসহ স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। পরে শুক্রবার বেলা ১০টায় মহিষডাঙ্গার একটি বিদ্যালয় মাঠে রবিউলের জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানাজায় অংশগ্রহণ করেন। স্থানীয় শত শত মুসল্লি জানাজায় অংশ নেন।

জানা যায়, রবিউল ভাগ্য পরিবর্তনের আশায় পাঁচ বছর আগে পাঁচ লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি দেন। দালালের মাধ্যমে যাওয়ায় তার ভিসা ও পাসপোর্ট থাকলেও আকামা বা বৈধ কাগজপত্র না থাকায় তিন বছর অনেকটা লুকিয়ে কাজ করতে হতো। নলডাঙ্গা উপজেলার রবিউল ইসলামসহ আরও ২ জন সৌদিতে অগ্নিকাণ্ডে মারা যান। এর মধ্যে রবিউলের মরদেহ তার গ্রামের বাড়ি পৌঁছে। বাকি ২ জনের খাজুরা ইউনিয়নের দীঘির পাড় গ্রামের জাকির আলীর ছেলে শামীম হোসেন (৩৫) ও শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভর লাশ শনাক্ত না হওয়ায় দুই জনের মহদেহ ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।