বড়লেখায় অস্ত্র ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের বড়লেখায় বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বলাই নমশূদ্র (৩৫) ভারতের করিমগঞ্জ জেলার লাতু থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে বড়লেখা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, আটক ব্যক্তি সীমান্তবর্তী একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।

উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। আটক ব্যক্তিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি তৎপর রয়েছে। বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে।