ব্রাহ্মণবাড়িয়ায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে রান্না করা খাবার দিয়েছে আল ইয়ানা ফাউন্ডেশন। গতকাল দুপুরে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ করা হয়। আল ইয়ানা ফাউন্ডেশনের সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।
বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। পরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন অতিথিরা। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ জানান, যেসব মানুষ নিয়মিত ভালো-মন্দ খাবার খাওয়ার সুযোগ পান না, তাদের জন্যই এ আয়োজন। অসহায়-দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেয়ার এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। মাসের শেষ শুক্রবার এ খাবার দেয়া হবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
