ফেসবুকে মহানবীকে কটূক্তি, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ফেসবুকে মহানবীকে কটূক্তি, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও তার স্ত্রী বিবি আয়েশাকে নিয়ে ফেসবুকে কটূক্তিকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। গতকাল জুমার নামাজের পর দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লিরা মিছিল নিয়ে ইকুরিয়া বি আর টি অফিসের সামনে সমবেত হয়। এ সময় বক্তব্য রাখেন শারাফাতুল্লাহ মাযহারী, হাসনাবাদ হাউজিং এর ইমাম আবুল হাসান ফরিদী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নুরুল আমিন কাউসার মুক্তি নাজিমুল হক। পরে মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে এসে থানার গেটে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভরত মুসল্লিরা থানা পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এতে কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ বন্ধ করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল হক আরও জানান, এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে। উল্লেখ্য, কটূক্তিকারী ইফতেখার অনিক কিছুদিন আগে ফেসবুকে মহানবী (সা.) ও তার স্ত্রী বিবি আয়েশাকে নিয়ে কটূক্তি করে। এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। কটূক্তিকারী ইফতেখার অনিক দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরদারপাড়া একটি মসজিদ কমিটির সভাপতি আলমগীর হোসেন আলমের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তবে এখন পলাতক রয়েছেন।