চট্টগ্রামে বই পড়ে পুরস্কার পেলো ৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী

ফন্ট সাইজ:

বই পড়ার মাধ্যমে জ্ঞান ও মূল্যবোধ অর্জনের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম নগরের ১০১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার সকালে নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচিতে অংশ নিয়ে মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের দুই পর্বে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু বই পড়ে জ্ঞান অর্জন কিংবা বড় ডিগ্রি পেলেই প্রকৃত মানুষ হওয়া যায় না।

শিক্ষার সঙ্গে মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয় ঘটাতে হবে। তিনি বলেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা না থাকলে সেই শিক্ষা সমাজ ও রাষ্ট্রের কোনো কাজে আসে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বই। বই এমন একটি বাহন; যা মানুষকে অতীতের কাছে নিয়ে যায়, বর্তমানকে বুঝতে শেখায় এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সহায়তা করে।’ বিশ্বসাহিত্য কেন্দ্র ৪৮ বছর ধরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বইপড়া কর্মসূচি পরিচালনা করছে।

বর্তমানে দেশের প্রায় ১ হাজার ৪০০টি মাধ্যমিক বিদ্যালয়ের দেড় লাখ শিক্ষার্থী এ কর্মসূচির সঙ্গে যুক্ত। ২০২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম নগরের ১০১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী ৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী পুরস্কারের জন্য নির্বাচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেন খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, বিশিষ্টজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।