ফরিদপুরের ভাঙ্গায় আদালতের ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জায়গার উপর রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চানপট্টি মৌজার চানপট্টি গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ থেকে মন্নু শিকদার ও মাজেদ শিকদারের বাড়ি হয়ে ঘারুয়া-আজিমনগর মোড় পর্যন্ত একটি গ্রাম্য সড়ক দীর্ঘদিন ধরে মাটির রাস্তা হিসেবে স্থানীয়রা ব্যবহার করে আসছেন। প্রায় ১০ বছর ধরে ওই রাস্তার জায়গা নিয়ে মৃত বতু শিকদারের সঙ্গে মনা শিকদার, মাজেদ শিকদার, হাসেম শিকদার গংদের বিরোধ চলে আসছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিরোধপূর্ণ প্রায় ২০ ফুট জায়গায় প্রতিপক্ষরা রাস্তা প্রশস্ত করে ইটের রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়।
শুক্রবার সকালে তারা সংঘবদ্ধভাবে ইট দিয়ে রাস্তা নির্মাণ শুরু করে। এ সময় ভুক্তভোগীরা বাধা দিলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, বিরোধপূর্ণ ওই জায়গা মৃত বতু শিকদারের সম্পত্তি। এ নিয়ে এলাকার মনা শিকদার, হাসেম শিকদারসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এর আগে কয়েকবার জায়গাটি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একাধিক মামলা-মোকদ্দমা চলমান রয়েছে বলে জানা গেছে। গৃহবধূ হোসনে আরা বলেন, রাস্তা সবারই প্রয়োজন।
কিন্তু পাশেই প্রায় ২৫ ফুট সরকারি খাস জায়গা থাকা সত্ত্বেও সেটি বাদ দিয়ে আমাদের মালিকানাধীন জায়গার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সংঘবদ্ধভাবে আমাদের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ছাকিরন বেগম বলেন, সরকারি জায়গায় রাস্তা নির্মাণের প্রয়োজন হলে সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের লোকজনের মাধ্যমে করা উচিত। ব্যক্তিগত জায়গার উপর দিয়ে সাধারণ মানুষ কেন রাস্তা নির্মাণ করবে। এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে।
