২০১১ সালের ৩০শে জুলাই ‘রাঙাতে এলো মাছরাঙা’- স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। শুরু থেকেই দর্শকদের জন্য ইতিবাচক, সৃজনশীল ও ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যয়ে কাজ করে আসছে চ্যানেলটি। সেই ভাবনারই অন্যতম প্রতিফলন ‘রাঙা সকাল’। মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর পরিকল্পনায় চ্যানেলটির যাত্রালগ্নের প্রথম দিন থেকেই বিরতিহীনভাবে প্রচারিত হয়ে আসছে অনুষ্ঠানটি। আজ ‘রাঙা সকাল’ পূর্ণ করছে তার ৫০০০তম পর্ব। এই জীবনীভিত্তিক টকশোতে ইতিমধ্যে অতিথি হয়েছেন ৮ হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি।
আজকের বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘রাঙা সকাল’র চিন্তক ও পরিকল্পক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন রুম্মান রশীদ খান ও খালেদা আক্তার। প্রযোজনায় জোবায়ের ইকবাল। অঞ্জন চৌধুরী বলেন, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে নানা ধরনের খবর দেখি। এর মধ্যে নেতিবাচক খবর অনেক সময় আমাদের পুরো দিনটির আবহই নষ্ট করে দেয়। সেই ভাবনা থেকেই শুরু থেকে চেয়েছি, ‘রাঙা সকাল’ এমন একটি অনুষ্ঠান হোক; যার মাধ্যমে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মানুষ একটি ইতিবাচক বাংলাদেশের চিত্র দেখতে পাবে। তবে এই দীর্ঘ যাত্রা কখনোই সফল হতো না, যদি মাছরাঙা টেলিভিশনের সকল কর্মী এবং আমাদের অতিথিরা আন্তরিকতার সঙ্গে এই আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ না করতেন। এই বিশেষ দিনে তাদের প্রত্যেকের প্রতি হৃদয়ের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই।
