দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে বলিউড অভিনেত্রী দিয়া মির্জা নিজেকে তুলে ধরেছেন বহু বৈচিত্র্যময় চরিত্রে। তবে জীবনের শুরুর দিকের একটি বিশেষ অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্মৃতিচারণ করেছেন তার ২০০৪ সালের হিট সিনেমা ‘তুমসা নেহি দেখা’র ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’ গানটির কথা, যেখানে শুটের প্রয়োজনে সেটে শত শত পুরুষের সামনে তাকে প্রায় অন্তর্বাস পরিহিত অবস্থায় নামতে হয়েছিল। দিয়া জানান, হায়দরাবাদের এক অত্যন্ত রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠার কারণে নিজের শরীর ও অবয়ব নিয়ে তার ভেতরে এক ধরনের দ্বিধা ও জড়তা কাজ করতো। তবে ইমরান হাশমির বিপরীতে ‘তুমসা নেহি দেখা’ সিনেমার সেই বিশেষ গানটি তার সমস্ত সামাজিক ও মানসিক শৃঙ্খল ভেঙে ফেলেছিল।
তিনি বলেন, একজন মেয়ে হিসেবে এটি আমার জীবনের অন্যতম কঠিন কাজ ছিল। সেটে ৫০০ থেকে ১,০০০ জন পুরুষের সামনে আমাকে পোশাক খুলে প্রায় অনাবৃত হতে হয়েছিল। কিন্তু শুটিংয়ের সময় আমি বুঝতে পারি, একজন শিল্পীকে তার চরিত্রের সত্যতা ফুটিয়ে তোলার জন্য নিজের ভেতরের সব ভয় ও দ্বিধাকে জয় করতে হয়। সেই শুটটি আমাকে নিজের শরীরের প্রতি আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছিল। তার ভাষ্য, ক্যারিয়ারের প্রথম দিকের এই সাহসী সিদ্ধান্তগুলোই তাকে ২৫ বছরের অভিনয়ে পরিপক্বতা এবং একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করেছে।
