কুলাউড়ায় এনসিপি’র দুই গ্রুপে সংঘর্ষ আটক ৫

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা এনসিপি’র যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ১০ জন। আহতরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না। এ ঘটনার কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।

মামলায় ৫ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে গেছেন। আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া। মামলার বাদী ও মৌলভীবাজার জেলা এনসিপি’র সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বলেন, এনসিপি’র পদ দেয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামিরা আমার কাছে চাঁদা দাবি করেন।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আমাদের ওপর আক্রমণ করেন। জেলা এনসিপি’র আহ্বায়ক খালেদ আহমদ জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। দলীয়ভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক ৫ জনকে আদালত প্রেরণ করা হয়েছে।