নেপালে একদিকে শোক, অন্যদিকে...

নেপালে একদিকে শোক, অন্যদিকে...

ফন্ট সাইজ:

নেপালে একদিকে শোক। কান্না। পাগলের মতো মানুষ স্বজনদের খুঁজছে। এর বিপরীত চিত্রও বিদ্যমান। এই বিপর্যয়কে সুযোগ হিসেবে ব্যবহার করছে কিছু সুযোগসন্ধানী অসাধু মানুষ। তাদের বিরুদ্ধে মানবিকতার চরম অবক্ষয়ের অভিযোগ উঠেছে। নারায়ণী নদীতে বন্যার পানিতে ভেসে যাচ্ছে মৃতদেহ। এমন এক নারীর মৃতদেহ দেখে তার চুল ধরে তীরের কাছাকাছি নিয়ে আসে কিছু অমানুষ। এরপর তারা ওই মৃতদেহের কানে থাকা সোনার দুল চুরি করে। এ ঘটনার একটি ৪১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে নেপাল পুলিশও ভিডিওটি পুনরায় প্রকাশ করে জানায়, মৃত নারীর কান থেকে দুল খুলে নেয়ার অভিযোগে দুই ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষের উপস্থিতির মধ্যে দুই ব্যক্তি কাঠের তক্তা ও ওই নারীর চুল ধরে মৃতদেহটি পানি থেকে টেনে তুলছে। এরপর মৃতদেহের দুই কান থেকে দুল খুলে পাশে রেখে দিচ্ছে। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে। চিতওয়ান পুলিশ পরে জানায়, তদন্তে তারা নিশ্চিত হয়েছে যে ভিডিওটির ঘটনা ভয়াবহ বন্যার পানিতে নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মৃতদেহকে ঘিরে।

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সী মাদান গুরুং এবং ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে। নেপালি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ভরতপুর মেট্রোপলিটন সিটির ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সতর্ক করে বলেছে, এমন সংকটময় সময়ে বন্যার্ত ও মৃতদের কাছ থেকে লুটপাট কিংবা যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

ওদিকে তিব্বতের গিরং বন্দর সীমান্ত এলাকাতেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবারের প্রবল কাদাধসের স্রোত গিরং বন্দরের বহুতল একটি স্থাপনা গ্রাস করে এবং একটি বাস পার্কিং এলাকা সম্পূর্ণ ঢেকে দেয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আশপাশের এলাকায় জমে থাকা কাদার গভীরতা গড়ে ১ দশমিক ৫ মিটার বা প্রায় ৫ ফুট। সীমান্ত চৌকির দিকে যাওয়ার সব সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে ভূমিধস বা পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।