চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাব (ACC) আয়োজিত দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন বিজষ্টার সিজন V-এর গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। টাইটেল স্পনসর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, পাওয়ার্ড বাই কেডিএস গ্রুপ, এবং কো-স্পনসর সেভেন রিংস সিমেন্ট ও ডিডিএন। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ২৭ আগস্ট ২০২৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর (ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন), প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন (চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং)। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুর রহমান, কো-ফ্যাকাল্টি অ্যাডভাইজর সহযোগী অধ্যাপক রুমানা আক্তার এবং অন্যান্য সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার।
২ লাখ ৫০ হাজার টাকার প্রাইজপুলের এই কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সেরা ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে দলগুলো তাদের স্ট্র্যাটেজিক থিংকিং, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করে।
গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের মূল্যায়ন করেন দেশের কর্পোরেট ওয়ার্ল্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অভিজ্ঞ প্রফেশনালদের নিয়ে গঠিত একটি সম্মানিত জাজ প্যানেল। জাজ প্যানেলে ছিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন (সাপ্লাই ডিরেক্টর, রেকিট), এ বি এম ইফতেখের আলম সিদ্দিকী (সিনিয়র জেনারেল ম্যানেজার, মার্কেটিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শুন শিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড) এবং আসিফ মো. তানভীর হোসাইন (এফসিএ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, কেডিএস আরএমজি সলিউশন) । তাঁদের মূল্যায়ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বকে আরও প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ করে তোলে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল রাউন্ড শেষে দি ল্যানিস্টার বিজষ্টার সিজন V-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ১ লাখ টাকা প্রাইজমানি লাভ করে। অন্যদিকে এক্সিট স্ট্র্যাটেজি ফার্স্ট রানার্স-আপ হয়ে ৭০ হাজার টাকা, এবং হেইট অর গ্লোরি সেকেন্ড রানার্স-আপ হয়ে ৫০ হাজার টাকা প্রাইজমানি অর্জন করে। অন্যান্য ফাইনালিস্ট দলগুলো প্রত্যেকে ১০ হাজার টাকা করে প্রাইজমানি পায়।
মেধা, কৌশল ও উদ্ভাবনের এক অনন্য উদযাপনের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে বিজষ্টার সিজন V-এর।
