এ যেন ভয়াবহ এক তাণ্ডব

এ যেন ভয়াবহ এক তাণ্ডব

ফন্ট সাইজ:

বুধবার নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা কেবল বেড়েই চলেছে। এদিকে, বন্যার কারণে প্রায় ৬০০ জন দেশি-বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। দেশটির পোখারাতে আমরা নিরাপদে আছি।

এদিকে জানা গেছে, গতকাল অপু বিশ্বাস একটি ফ্লাইটে কাঠমান্ডু পৌঁছেছেন। নেপাল পরিস্থিতি নিয়ে অপু মুঠোফোনে মানবজমিনকে বলেন, এ যেন ভয়াবহ এক তাণ্ডব। যে ভয়াবহ বন্যার ঘটনাটি ঘটেছে সেটা আমাদের থেকে বেশ দূরে। পোখারা থেকে কাঠমান্ডু যেতে মাঝামাঝি যে রাস্তা সেখানে বন্যার ঘটনাটি ঘটেছে। তবে সেই রাস্তা ঠিক হতে অনেক সময় লাগবে বলে শুনেছি। আমরা সবাই নিরাপদে আছি। আর আমাদের পাহাড়ের শুটিংও শেষ হয়েছে। ইনডোরে শুটিং হচ্ছে। তবে বৃহস্পতিবার আমাদের শুটিং টিমের সেই রাস্তা দিয়েই যাওয়ার কথা ছিল, যেখানে বন্যার ঘটনাটি ঘটে। সেটা হলে মহাবিপদে পড়তে হতো টিম সদস্যদের। অপু বিশ্বাস আরও বলেন, শুনেছি বাংলাদেশের মানুষও হতাহতের মধ্যে রয়েছেন। ভীষণ মন খারাপ হয়েছে। অনেক মানুষ নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। কেউ কেউ আটকে আছেন। উদ্ধার কাজের জন্য এখানে অনেক অনেক হেলিকপ্টার কাজ করছে। যত দ্রুত আটকে পড়া মানুষদের উদ্ধার করা যায় নেপাল সরকার সেই চেষ্টাটা করছে। দোয়া করবেন, আমি যেন দ্রুত দেশে আমার সন্তান জয়ের কাছে ফিরতে পারি।

অপু বলেন, শুক্রবার দেশে ফিরবো। সেই প্রস্তুতি প্রায় শেষ। দোয়া করবেন যেন নিরাপদে সেটা হয়। এদিকে, চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। পাশাপাশি অভিনয় করছেনÑ পশ্চিমবঙ্গের রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।