আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের তৃতীয় অধিবেশন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সরকারি ছুটির দিন এবং ৩১শে আগস্ট ও ১লা সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে এবং আগামী ১০ই সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন সমাপ্ত হবে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্য উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি’র সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়াও বৈঠকে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনসমূহের দিন এবং সম্ভাব্য ব্যাপ্তি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ২৬৭৬টি প্রশ্নসহ মোট ২৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ২৪৯টি নোটিশ পাওয়া গিয়েছে বলে জানানো হয়।
