ভালো আছেন ইলিয়াস কাঞ্চন

ভালো আছেন ইলিয়াস কাঞ্চন

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের মৃত্যু নিয়ে গুঞ্জনের বিষয়টি যেন হু হু করে বাড়ছে। আর তারই ধারাবাহিকতায় এবার এমন গুজবের শিকার হলেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার সন্ধ্যা থেকেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। তবে এ তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নিশ্চিত করেছে তার পরিবার ও নিসচা সূত্র। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কাঞ্চন পরিবার জানান, একশ্রেণির অসাধু ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

প্রকৃতপক্ষে তিনি লন্ডনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে নিয়ম মেনে চিকিৎসা নিচ্ছেন। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে এমন গুজবের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা এক যৌথ বিবৃতিতে এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। একইসঙ্গে এই স্পর্শকাতর গুজবের পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ইলিয়াস কাঞ্চন।

গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তিনি
লন্ডনে যান এবং আগস্টে তার মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে চিকিৎসকরা নিশ্চিত করেন যে, তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে তার কেমোথেরাপি ও ওরালথেরাপি চলমান।