‘চাইলেও নেপাল থেকে দেশে ফিরতে পারছি না’

‘চাইলেও নেপাল থেকে দেশে ফিরতে পারছি না’

ফন্ট সাইজ:

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু মানুষ হতাহত ও নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের ও সঙ্গীদের নিরাপদে থাকার খবর জানিয়েছেন তিনি। একইসঙ্গে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন। ভিডিও’র ক্যাপশনে তাসরিফ খান লেখেন, আমরা (ব্যান্ডসহ) নেপালেই আছি এবং আল্লাহ্‌র অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি।

নেপালের উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার আঘাতে বহু পর্যটক নিখোঁজ হয়েছেন এবং মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ভিডিওতে তাসরিফ বলেন, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যার কারণে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ রয়েছেন।

মৃত্যুর সংখ্যা শুধু বাড়ছে, শুধু বাড়ার সংবাদ আসছে। তবে নিজের ও সঙ্গীদের নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন তাসরিফ। তিনি বলেন, দুশ্চিন্তা করবেন না, আমরা একদম বিপরীত পাশে আছি। নিরাপদে থাকলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না জানিয়ে তাসরিফ বলেন, আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না। কারণ আমরা যে রাস্তা দিয়ে যাবো, একটু আগে খবর পেলাম ওই রাস্তায় বুধবার সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আর এ কারণে শুধু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, রাস্তা একদম ভাসিয়ে নিয়ে গেছে। সরকারিভাবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, তাই আমরা চাইলেও দেশে ফিরতে পারছি না।