বিভ্রান্ত না হওয়ার অনুরোধ প্রভার

বিভ্রান্ত না হওয়ার অনুরোধ প্রভার

ফন্ট সাইজ:

সম্প্রতি হঠাৎ করেই ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ের খবর। ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়, গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন এ অভিনেত্রী। এমন খবর ছড়িয়ে পড়ায় অস্বস্তিতে পড়েছেন প্রভা। তিনি জানান, এটি গুজব ছাড়া কিছুই নয়। আমার বিয়ের খবর আমি নিজেই জানি না। এ নিয়ে নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্টও দিয়েছেন তিনি। তাতে প্রভা লিখেছেন, আমি আবার বিয়ে করিনি! আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে কথাগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ঙ্কর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে। এই শক্তির সঙ্গে দায়িত্বও আসে। তাই কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কথা প্রকাশ করার আগে, অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। অনুগ্রহ করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলুন। প্রভা ভক্তদের উদ্দেশ্যেও কিছু কথা বলেন পোস্টে। তিনি বলেন, আমার ভক্তদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।