ফরিদপুরের ভাঙ্গায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা এন্টারসেকশন গোলচত্বরের ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কাওসার আহমেদ রাতুল সর্দার (১৭) ও রাজু মাতুব্বর (২০)। রাতুল উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে এবং রাজু একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাচান জানান, দুর্ঘটনার পর দুইজনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
