নেপালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রয়োজন অনুযায়ী নেপালকে সর্বাত্মক সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ড. খলিলুর রহমান জানান, সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রস্তাব করেছি।’
তিনি বলেন, ‘নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘দেশটি বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, তা মূল্যায়ন করছে। আজ সন্ধ্যা অথবা আগামীকালের মধ্যে তারা তাদের প্রয়োজনের কথা বাংলাদেশকে জানাবে। প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’ দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক আক্রান্ত হয়েছেন কি না, জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘আমি তাকে বলেছি যে, আমরা তো এখনও পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে আক্রান্ত হয়েছেন কি না। যদি হয়, তাহলে আমাদেরকে যেন জানান। জানালে আমরা তাদেরকে ফেরত দেয়ার জন্য তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব; যে অবস্থায় তারা আছেন, তাদেরকে ফেরত আনব।’
নেপালকে সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, এটা উনারা যখন বলবেন তখন, আগে থেকে তো করা যাবে না। কিন্তু আমরা প্রস্তুত আছি। দুর্যোগে আক্রান্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে সরকার খোঁজখবর রাখছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশি কারও নাম আমরা এখনও পাইনি। বেশ কিছু বিদেশি পর্যটক যাচ্ছিলেন মানস সরোবরের দিকে, সে সময় ঘটনাটা ঘটে। জীবিত বা মৃত কোনো বাংলাদেশির খোঁজ পাওয়া গেলে আমরা তাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য। তাদের পররাষ্ট্রমন্ত্রীও একই মনোভাব প্রকাশ করেছেন।’
এর আগে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ড. খলিলুর রহমান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন। বাংলাদেশি কোনো নাগরিকের হতাহতের তথ্য পাওয়া গেলে তা বাংলাদেশকে জানাতে নেপাল সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।
