তেহরান সফরে কাতারের প্রধানমন্ত্রী

তেহরান সফরে কাতারের প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

আজ বৃহস্পতিবার তেহরান সফরে গেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং পুনরায় সংলাপ শুরুর লক্ষ্যে এ সফর করছেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত প্রায় ছয় মাসে গড়িয়েছে। সংঘাত থামাতে এখন পর্যন্ত দৃশ্যত কোনো কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয়নি। এমন অবস্থায় তার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, শেখ মোহাম্মদ এই সফরে ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠক করবেন। এ সফরের মূল লক্ষ্য উত্তেজনা কমিয়ে আলোচনার উপযোগী পরিবেশ তৈরি করা। এর আগে কাতারের মধ্যস্থতায় গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও জুলাইয়েই তা ভেস্তে যায়। এরমধ্যেই ইরানের বাণিজ্য অংশীদারদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জোরদার করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি আল জাজিরাকে জানান, ইরানের সাথে আলোচনায় ফেরার কোনো তাড়া তার নেই। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন এই নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়ে তা বাস্তবায়নে বিরত থাকতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র মতবিরোধ চলছে। যুদ্ধ শুরুর আগে এ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হলেও এখন তা কমে মাত্র ৫০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। কাতারের প্রধানমন্ত্রী তার এই সফরে হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়েও জোর দেবেন। এই অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় সম্প্রতি ওমান ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারাও তেহরান সফর করে পরিস্থিতি শান্ত করার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন।