১৭ ধাপ উন্নতি শরিফুলের

১৭ ধাপ উন্নতি শরিফুলের

ফন্ট সাইজ:

ম্যাকাই টেস্ট ২ দিনে হেরেছে বাংলাদেশ। দল হারলেও সেই ম্যাচে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন শরিফুল ইসলাম। সেই পুরস্কার পেলেন আইসিসি বোলিং র‌্যাংকিংয়ে। ১৭ ধাপ এগিয়ে তিনি এখন ৫৭ নম্বরে।

বাংলাদেশের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৪০৩। শরিফুল এগিয়েছেন অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও। ১৩ ধাপ এগিয়ে টেস্ট ৭০ নম্বর অলরাউন্ডার এখন তিনি। ম্যাকাইতে প্রথম ইনিংসে বাংলাদেশ ৬৪ রান করতে পেরেছিল তার ব্যাটিংয়েই। ১১ নম্বরে নামা শরিফুলের ১৪ রানই ছিল সেই ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান।

মেহেদী হাসান মিরাজ বোলারদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি নিয়েছেন ৬ উইকেট। ৩১৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিন নম্বর স্থান ধরে রেখেছেন মিরাজ।

ম্যাকাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর বোলিং র‌্যাংকিংয়ে মিচেল স্টার্ক এখন শীর্ষে। ভারতের যসপ্রীত বুমরা নেমে গেছেন দুইয়ে। শীর্ষে ওঠা স্টার্কের (৮৭২ রেটিং পয়েন্ট) সঙ্গে বুমরার ব্যবধান মাত্র ১০ পয়েন্টের। ম্যাকাই টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন স্টার্ক।