স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। দায়িত্ব নেয়ার পরে একটি ঘটনাও নেই, এমন কোনো অপরাধ নেই—যেটা সংঘটিত হওয়ার পর পরই পুলিশ বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। বিচারের আওতায় আনা হয়নি একটি ঘটনাও নেই—এটাই বর্তমান সরকারের কৃতিত্ব।’
বুধবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ বাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর আমি মাঝেমধ্যে প্রশংসা করি। এইজন্যই করি তাদেরকে ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম—এই ছয় মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থানে উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট হয়েছে।’
সম্প্রতি রংপুরে একই পরিবারের ৪ জনের হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ রকম রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয়নি প্রত্যেকটা অপরাধ আমরা এড্রেস করতে পেরেছি। যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি। আদালতের কাছে সোপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবকিছুই আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না।’
