সিলেটে ব্যবসায়ীকে একাই খুন করেছে জালাল, স্থানীয়দের দাবি

‘প্রেমে বাধা’ দেয়ার জের

সিলেটে ব্যবসায়ীকে একাই খুন করেছে জালাল, স্থানীয়দের দাবি

ফন্ট সাইজ:

ঘটনাটি লোমহর্ষক। নগরের শাহপরাণ এলাকায় ব্যবসায়ী শাহাবউদ্দিনকে একাই কুপিয়ে খুন করেছে দোকান কর্মচারী জালাল আহমদ। আর খুনের নেপথ্যে রয়েছে ‘প্রেমে বাধা দেয়ার’ বিষয়টি। এতে ক্ষুব্ধ হয়েই জালাল এ ঘটনা ঘটিয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে বলে দাবি জানিয়েছে স্থানীয়রা। পুলিশ আসার আগেই স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে জালাল খুনের ঘটনা স্বীকার করে। সে একাই খুন করেছে বলে জানায়।
সোমবার মধ্যরাতে নগরের শাহপরাণ এলাকার ছড়ারপাড়ে কুপিয়ে খুন করা হয় বাজারের ব্যবসায়ী বৃদ্ধ শাহাবউদ্দিনকে। ঘটনার পর থেকে বিষয়টি অজানাই ছিলো। তবে পুলিশ ভার্চুয়াল তদন্ত চালিয়ে দোকান কর্মচারীকে শনাক্ত করে। ঘটনার দিন রেইনকোট পরে ব্যবসায়ী শাহাবউদ্দিনের পিছু নিয়েছিলো জালাল। এর আগেও দু’এক দিন সে রেকিও করেছিলো। জালালকে মঙ্গলবার রাত ৯ টার দিকে স্থানীয়রা শাহপরাণ এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জালাল জানিয়েছে, শাহপরাণ এলাকার একটি হোটেলে সে কর্মচারী হিসেবে কাজ করে। তার বাড়ি সুনামগঞ্জে। ওই হোটেলের বাবুর্চি মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। এতে বাধা দেন ব্যবসায়ী শাহাবউদ্দিন। ওই মহিলার সঙ্গ ছাড়তে তাকে গালিগালাজ করেন। ঘটনার দু’দিন আগে জালাল ছুটি নিয়ে চলে যায়। তবে সে শাহপরাণ এলাকাতেই ছিলো। সুযোগ খুঁজে সে ব্যবসায়ী শাহাবউদ্দিনকে নির্জনস্থানে খুন করে। খুনের ঘটনার পর দোকান কর্মচারী জালাল শাহপরাণ ওই এলাকাতেই ছিলো। তবে পুলিশ ও জনতার চোখ ফাঁকি দিয়ে সে চলছিলো। পুলিশ ঘটনার পরদিন দোকানের মালিককে ডেকে নিয়ে তার মাধ্যমে দিনভর প্রচেষ্টা চালিয়ে জালালকে হোটেলে নিয়ে আসে। তাকে দেখে স্থানীয়রা বিক্ষুব্ধ হলে সে হোটেলের পেছনে লুকিয়ে পড়ে। পরে গোটা এলাকা ঘেরাও করে তল্লাশির পর জালালকে আটক করা হয়।
পুলিশ আসার আগেই স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে জালাল খুনের ঘটনা স্বীকার করে। সে একাই খুন করেছে বলে জানায়। শাহপরাণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম তাজ জানিয়েছেন, জালাল একাই খুন করেছে বলে স্থানীয়দের জানিয়েছে। তাকে আটকের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম জানিয়েছেন, ঘটনার আগে রেইনকোট পরে জালাল শাহাবউদ্দিনের পিছু নেয়। এরপর নির্জন স্থানে খুন করেছে বলে জানিয়েছে। তাকে জনতা এলাকা কর্ডন করে আটক করে পুলিশে দিয়েছেন।

শাহপরাণ থানার ওসি ফেরদৌস আহমদ মানবজমিনকে জানিয়েছেন, ব্যবসায়ী শাহাবউদ্দিন খুনের ঘটনায় জালালকে একমাত্র আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে সিলেটের আদালতে পাঠানো হচ্ছে। সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে পারে বলে জানান ওসি।