‘গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন’

‘গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন’

ফন্ট সাইজ:

গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ সোমবার সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি। একে তারা সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে। চীন বলেছে, ওয়াশিংটন নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর অজুহাত তৈরি করতেই এমন দাবি তুলছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গত শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট থমাস ডি-ন্যানো অভিযোগ করেন, চীন গোপনে একাধিক পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ২০২০ সালের ২২ জুনের একটি পরীক্ষাও রয়েছে। তারা আরও বৃহৎ ক্ষমতাসম্পন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এএফপি’কে দেয়া এক বিবৃতিতে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং নির্জলা মিথ্যা। নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র যে অজুহাত তৈরি করতে চাইছে, চীন তার ঘোর বিরোধিতা করে। 

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বানও জানানো হয়। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে ওয়াশিংটন। তবে তিনি কী ধরনের পারমাণবিক পরীক্ষা পুনরায় চালু করতে চান, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। 

ডি-ন্যানোর ওই মন্তব্য আসে এমন এক সময়, যখন তিনি যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রস্তাব উপস্থাপন করছিলেন। ওই প্রস্তাবে নিউ স্টার্ট  চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পারমাণবিক অস্ত্রের ওপর নতুন সীমা নির্ধারণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানানো হয়। 

উল্লেখ্য, ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সর্বশেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। চীন ইতিমধ্যেই জানিয়েছে, এ পর্যায়ে তারা কোনো নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে আগ্রহী নয়।
 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন