প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বঙ্গভবন প্রেস উইং জানায়, সাক্ষাতে বাহিনী প্রধানরা প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিন বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্টের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

সশস্ত্রবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকার সশস্ত্রবাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি তিন বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। গত শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।