লন্ডনে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

লন্ডনে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

ফন্ট সাইজ:

লন্ডনে বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সেখানে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন মোহাম্মদ আব্দুল মুহিত। সর্বশেষ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক। লন্ডনে তাকে দুই বছরের জন্য হাইকমিশনারের দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা মুহিত ফরেন সার্ভিস একাডেমির প্রধান হওয়ার আগে ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
এর আগে ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়সমূহে ঢাকার স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন তিনি। অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন মুহিত।

২০১৫ সালের অগাস্ট থেকে পাঁচ বছর ডেনমার্কে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মুহিত। এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত ছিলেন এই কূটনীতিক।
কূটনৈতিক ক্যারিয়ারে আব্দুল মুহিত কুয়েত, রোম ও দোহা মিশনেও ছিলেন।
প্রজ্ঞাপনে মুহিতের অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করার কথা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে বাতিল করা হয়েছে রেক্টর হিসেবে তার দায়িত্বের অবশিষ্ট মেয়াদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করা মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেছেন।