ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

একরামুল হক হত্যা

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে সেনা হেফাজতে থাকা মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে একরামুল হক হত্যা মামলায় তাকে সেনা হেফাজতে নেয়ার তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হক নিহত হন। এ ঘটনায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় তৎকালীন র‌্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে।

রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এক দিন পরই মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়া হয়।

একরামুল হক টেকনাফ উপজেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।

মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদিসহ অন্য আসামিদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল মিফতাহ উদ্দিন আহমেদ ও আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।