হাইতিতে গির্জায় গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

হাইতিতে গির্জায় গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

ফন্ট সাইজ:

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি গির্জায় সশস্ত্র গ্যাংয়ের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ২২ জন আহত হন। রোববার গভীর রাতে কেনসকফ শহরের একটি গির্জায় আশ্রয় নেয়া বাস্তুচ্যুত মানুষের ওপর এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ সময় হামলাকারীরা বেশ কয়েকজনকে সরাসরি গুলি করে হত্যা (এক্সিকিউট) করার পাশাপাশি বহু মানুষকে অপহরণ করে নিয়ে যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কেনসকফ শহরের মেয়র ম্যাসিলন জঁ জানান, চলতি বছরের শুরুতে গ্যাং সহিংসতায় ঘরবাড়ি হারিয়ে ওই গির্জায় আশ্রয় নিয়েছিল বহু সাধারণ পরিবার। রোববার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রধারীরা সেখানে অতর্কিত হানা দিয়ে নির্বিচারে গুলি চালায় এবং আগুন ধরিয়ে দেয়। জাতিসংঘ জানিয়েছে, হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয় মানবাধিকার সংগঠন আরএনডিডিএইচ এবং পুলিশের প্রাথমিক তথ্যে বহু ঘরবাড়ি ভস্মীভূত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ স্টেশন খুব কাছে থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে স্থানীয় পুলিশপ্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বাসিন্দারা।

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিল-এমে এ ঘটনাকে ‘জঘন্য আক্রমণ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যাকাণ্ডের পর থেকেই দেশটির রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অপরাধী চক্রের জোট ‘ভিভ আনসানম’। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গ্যাং সহিংসতার কারণে দেশটিতে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৫০ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন।