সিরাজগঞ্জে এমপির ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে এমপির ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তমাল সরকার একই উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ হামলার ঘটনার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। সেই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময়সভা থেকে বেরিয়ে আসার সময় এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওইদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। পরে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে প্রেরণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা দুজনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় বর্তমানে চারজন আসামি আগাম জামিন ও বাকিরা পলাতক রয়েছেন।

এদিকে গতকাল সোমবার দুপুরে এ হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহবায়ক ও সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।