ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এক সন্তানকে ইরান হত্যা করার চেষ্টা করেছে বলে জানান। ইসরাইলের রক্ষণশীল টেলিভিশন চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক অভিযোগ তোলেন। তবে তিনি তার দুই ছেলের মধ্যে কাকে হত্যার টার্গেট করা হয়েছিল কিংবা সেই ষড়যন্ত্র কীভাবে হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নেতানিয়াহু বলেন, ‘একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে।
ইরান আমার এক ছেলেকে নিশানা করেছিল। তারা আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল। তাই প্রধানমন্ত্রীর পদপ্রার্থীদের নিরাপত্তা প্রদান কোনো বিলাসিতা নয়।’ ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন খবরের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে নিজের পরিবারের প্রতি হুমকির কথা উল্লেখ করেন তিনি। নেতানিয়াহু জানান, তিনি শিন বেতের প্রধান ডেভিড জিনির সাথে কথা বলে যেকোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে যথাযথ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থান করছেন এবং সেখানে রাষ্ট্রীয় খরচে তার নিরাপত্তা দেয়া নিয়ে ইসরাইলে বিতর্ক রয়েছে। অন্যদিকে ছোট ছেলে আভনের দেশেই থাকেন। ইরানের পক্ষ থেকে নেতানিয়াহুর এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের সংঘাত শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
