আজ সোমবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাত ও উত্তেজনা নিরসনে এবং শান্তি ফেরানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সিনি এই সফর করবেন। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।
এই সফরে আসিম মুনির ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শান্তি আলোচনা, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি এবং হরমুজ প্রণালির চলমান অস্থিরতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়া পাকিস্তান-তুরস্ক-সৌদি চুক্তি ও হুথিদের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়টিও তার আলোচ্যসূচিতে থাকবে বলে নিশ্চিত করেছে পাকিস্তানি কূটনৈতিক সূত্র। এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সোমবারই ওয়াশিংটন তেহরানের ওপর ইতিহাসের ‘কঠিনতম নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা দিতে যাচ্ছে। ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, কোনো দেশ ইরানকে সহায়তা দিলে তারাও মার্কিন অর্থনৈতিক পদক্ষেপের মুখে পড়বে। চলমান অচলাবস্থার মধ্যে আসিম মুনিরের এই তেহরান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
