হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ থেকে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ থেকে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

ফন্ট সাইজ:

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে সোমবার ভোরে আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর চিকিৎসাধীন কয়েক ডজন শিশুকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে অমরাবতী জেলা নারী হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুন ও ধোঁয়ার কারণে গুরুতর দগ্ধ এবং ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়। খবর পাওয়ার পর চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কর্মীরা দ্রুত সংশ্লিষ্ট ওয়ার্ডে ছুটে যান। তারা চিকিৎসাধীন নবজাতকদের একে একে আগুনের এলাকা থেকে বের করে আনেন। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। গুরুতর অবস্থায় থাকা ছয় নবজাতককে চিকিৎসার জন্য কাছের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।

এ মর্মান্তিক ঘটনায় প্রশাসনিক কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দিয়েছে। বিশেষ করে হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও উদ্ধারপ্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করা হবে। অমরাবতীর জেলা অভিভাবক ও রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, অমরাবতীর এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত এবং নিহত নবজাতকদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। অন্যদিকে সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা অ্যাডভোকেট যশোমতি ঠাকুর ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথভাবে প্রস্তুত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।