যুক্তরাষ্ট্রে মস্তিষ্কখেকো বিরল এক মারাত্মক অ্যামিবার সংক্রমণে লিলিয়ান স্মার্ট নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। লেক ক্ল্যাবোর্নে সাঁতার কাটার পরই এই ভয়ঙ্কর মস্তিষ্কখেকো পরজীবী তাকে আক্রমণ করে। আট তম জন্মদিনের ঠিক পরদিনই শনিবার লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার পরিবার ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ জানায়, লেক ক্ল্যাবোর্নে সাঁতার কাটার সময় লিলিয়ান প্রাণঘাতী ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামক এককোষী পরজীবী দ্বারা আক্রান্ত হয়। গত ১৫ আগস্ট তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানান, এই পরজীবীটি নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে আক্রমণ চালায় এবং মারাত্মক প্রদাহ সৃষ্টির মাধ্যমে ব্রেন টিস্যু ধ্বংস করে দেয়।
ফলে শিশুটির মস্তিষ্কে যে ক্ষতি হয়েছিল তা থেকে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নেগলেরিয়া ফাওলেরির সংক্রমণ অত্যন্ত বিরল হলেও এটি প্রায় শতভাগ প্রাণঘাতী। এই অ্যামিবা মূলত গ্রীষ্মকালে নদী, হ্রদ বা পুকুরের মতো উষ্ণ মিষ্টি পানিতে বংশবৃদ্ধি করে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তথ্যমতে, ১৯৩৭ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাত্র ১৮০টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে সরাসরি পেটে গেলে এই সংক্রমণ ছড়ায় না এবং এটি মানুষ থেকে মানুষে সংক্রামক নয়।
