থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ-হামলা

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ-হামলা

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের বিদ্রোহকবলিত দক্ষিণাঞ্চলে ৫০টির বেশি সমন্বিত অগ্নিসংযোগ ও আগুনবোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যেই’ হামলাগুলো চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে দেশটির দক্ষিণ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে এসব হামলা চালানো হয়। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে নারাথিওয়াত প্রদেশে। এছাড়া পাশের ইয়ালা ও পাত্তানি প্রদেশেও হামলা হয়েছে।

হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল স্থানীয় সরকারি কার্যালয়, একটি কনভেনিয়েন্স স্টোর, চুরি করা একটি গাড়ি এবং কয়েকটি টেলিযোগাযোগ টাওয়ার।
ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নারাথিওয়াতের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় টেলিযোগাযোগ টাওয়ারে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বাসিন্দাদের সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করার সতর্কতা দিয়েছেন।
হামলার পর নারাথিওয়াতে রাতভর কারফিউ জারি করা হলেও রোববার সকালে তা তুলে নেয়া হয়। এদিন নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে ২০০৪ সাল থেকে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র সংঘাত চলছে। এ সহিংসতায় এখন পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
বিদ্রোহীদের অন্যতম প্রধান সংগঠন বারিসান রেভলুসি ন্যাশনাল (বিআরএন)। ২০১৩ সালে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হলেও ব্যাংককে সরকার পরিবর্তন এবং উভয় পক্ষের অভ্যন্তরীণ বিভাজনের কারণে আলোচনা বারবার থেমে গেছে।
গত জুলাইয়ে নারাথিওয়াতে একটি চেকপোস্টে বন্দুক ও বোমা হামলায় পাঁচ সেনা নিহত হওয়ার পর নির্ধারিত শান্তি সংলাপও স্থগিত করা হয়।

থাই গণমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্রোহীরা প্রায়ই নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। কোনো কোনো ক্ষেত্রে অঞ্চলটিতে সরকারি কর্মকর্তাদের সফরের আগেও হামলার ঘটনা ঘটে।
এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও তার মন্ত্রিসভার সদস্যরা আগামী সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশের হাত ইয়াই শহরে দুই দিনের সফরে যাওয়ার কথা রয়েছে।