ফুটবলের দলবদলের বাজারে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোচ মিকেল আর্তেতার সঙ্গে সরাসরি আলোচনার পর এবার আর্সেনালে যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনার তীব্র আগ্রহ থাকার পরেও উত্তর লন্ডনের ক্লাবটি এখন এই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে রয়েছে।
বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আলভারেজের সম্পর্কের অবনতি ঘটেছে এবং তিনি ক্লাব ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এ কারণে ক্ষোভ দেখা গেছে অ্যাটলেটিকো সমর্থকদের মধ্যে। মাদ্রিদের সিউদাদ দেপোর্তিভা দে মাদাভোনদার প্রবেশমুখে দেখা যায় এক অস্বস্তিকর দৃশ্যের। সমর্থকদের টানানো সেসব ব্যানারে স্পষ্ট ভাষায় আলভারেজের অবিলম্বে ক্লাব ছাড়ার দাবি জানানো হয়। তার ১৯ নম্বর জার্সির ওপর লাল রঙের ক্রস চিহ্ন বা নিষেধাজ্ঞা সাইন এঁকে নিজেদের চরম অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটায় রোহিব্লানকোস সমর্থকরা। পরে এক সংবাদ সম্মেলনে অ্যাটলেটিকো কোচ দিওগো সিমিওনে দাবি করেন যে, আলভারেজ এই গ্রীষ্মে ক্লাব ছাড়ছেন না। এমনকি ক্লাবের প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল খিল মারিনও দাবি করেছেন যে আর্জেন্টাইন তারকাকে ভুল পরামর্শ দেয়া হচ্ছে।
তবে স্পেনের প্রভাবশালী দৈনিক ‘দিয়ারিও এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই দীর্ঘ টানাপোড়েন আলভারেজকে ভীষণভাবে অস্থির করে তুলেছে এবং ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই তিনি রিয়াদ এয়ার মেট্রোপলিটানো ছাড়তে দৃঢ়প্রতিজ্ঞ।
এই স্ট্রাইকারকে পাওয়ার লড়াইয়ে সবার আগে থেকে ছিল বার্সা। তবে মাদ্রিদের ক্লাবটি কোনোভাবেই তাদের সরাসরি লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে খেলোয়াড় বিক্রি করতে রাজি নয়। এই পরিস্থিতিতে প্রিমিয়ার লীগে ফেরার ব্যাপারে নিজের আগের অনীহা কাটিয়েছেন আলভারেজ। ফলে গানারদের জন্য তার দুয়ার এখন অনেকটাই খোলা।
রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে লন্ডনে আনতে ব্যর্থ হওয়ার পর আক্রমণভাগ আরও শাণিত করতে মরিয়া আর্সেনাল ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত দলবদলের এই নাটকীয় অধ্যায়ে আলভারেজের নতুন ঠিকানা কোথায় হয়, তা দেখতেই মুখিয়ে ফুটবলপ্রেমিরা।
