জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়: রিজভী

জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়: রিজভী

ফন্ট সাইজ:

জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। তাছাড়া মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটি হয়েছিল। এরই মধ্যে সেটি ঠিক করা হয়েছে।’

তিনি বলেন, ‘এলএনজি ভর্তি কার্গো ইতোমধ্যে এসে পৌঁছেছে। গ্যাসের সরবরাহ এবং চাপও বেড়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।’

নতুন দায়িত্ব সম্পর্কে রিজভী বলেন, ‘বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে। নতুন নতুন নেতৃত্ব এসব অঙ্গ-সংগঠনের নেতৃত্বে আসবে। এই প্রক্রিয়া চলমান থাকবে।’

এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্য সচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।