পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রোর মর্মান্তিক মৃত্যু

পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রোর মর্মান্তিক মৃত্যু

ফন্ট সাইজ:

মাঠের সবুজ ঘাসে দৌড়াতে দৌড়াতেই নিভে গেল একটি তাজা প্রাণ। প্রীতি ম্যাচে মাঠে লুটিয়ে পড়ে মাত্র ২৫ বছর বয়সে পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রো চিরবিদায় নিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় কেবল পর্তুগালই নয়, কেঁদে উঠেছে পুরো বিশ্ব ফুটবলের আঙিনা।

ঘটনাটি ঘটে শনিবার মালভেইরার এস্তাদিও দাস সেইখাস স্টেডিয়ামে। চতুর্থ বিভাগের দল রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে এস্ত্রেলা দা আমারাদার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। খেলার মাঝপথেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ক্লাব এবং লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক শোকবার্তায় রিয়াল স্পোর্ট ক্লাব বলে, ‘কেভিন কাস্ত্রো কেবল একজন ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য। মাঠের ভেতরে এবং বাইরে, যারা তাকে চেনার সৌভাগ্য অর্জন করেছেন, তাদের হৃদয়ে তিনি গভীর ছাপ রেখে গেছেন।’

ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়নে কাস্ত্রো তার ক্যারিয়ারের একটি অংশ কাটিয়েছেন। এই খবর শুনে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি। তারা জানিয়েছে, রোববার বার্নলির বিপক্ষে ম্যাচে ২৫তম মিনিটে করতালির মাধ্যমে কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং ফুটবলাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

ক্লাবটি আরও স্মরণ করে, ‘কেভিন টিনএজার বয়সে ২০২১ সালে আমাদের দলে যোগ দেন এবং আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপে তার মূল দলে অভিষেক হয়। পরবর্তীতে বার্টন, নটস কাউন্টি ও গেটসহেডের হয়ে খেলার পর ২০২৩ সালে তিনি ক্লাব ছাড়েন।’

পর্তুগালে ফিরে যাওয়ার আগে তিনি ইয়র্ক সিটি এবং ক্যামব্রিজ সিটির মতো বেশ কিছু ক্লাবেও খেলেছিলেন।