ভারতের মাটিতে ম্যাচ খেলার প্রস্তুতির অংশ হিসেবে আজ ঢাকায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের একটি প্রতিনিধি দল। মূলত ভারতের সুযোগ-সুবিধা পরিদর্শনের সফরে থাকলেও, এই ঢাকা সফর ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মনে কৌতূহলের শেষ নেই।
আজ বিকালে প্রতিনিধি দলটি ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে। এরপর তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এই বৈঠকে দুই দেশের ফুটবল সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভা শেষে এই সফরের বিষয়ে স্পষ্ট ধারণা মিলতে পারে। ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ঐতিহাসিক ম্যাচ অনুষ্ঠিত হলেও সেটির আর্থিক ঋণ এখনো আনুষ্ঠানিকভাবে পুরোপুরি শোধ করতে পারেনি বাফুফে। এমন প্রেক্ষাপটে ব্রাজিলের এই হাই-প্রোফাইল প্রতিনিধি দলের সফর দেশের ফুটবলে নতুন কোনো আশার আলো বয়ে আনে কি না, সেটাই এখন দেখার বিষয়।
