আসিয়ান কাপে খেলার নিশ্চয়তা পেলো বাংলাদেশ

আসিয়ান কাপে খেলার নিশ্চয়তা পেলো বাংলাদেশ

ফন্ট সাইজ:

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে লাল-সবুজের দল। ভারত সরে দাঁড়ানোর পরপরই টুর্নামেন্টে খেলতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। তবে ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা ছিল। আজ বাফুফে’র কার্যনির্বাহী কমিটির সভায় সেই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

ফিফার অর্থায়নে আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে আসিয়ান কাপের ডিভিশন-১। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে প্রতিযোগিতা। ভারতের জায়গায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, প্রতিটি দল অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে অবস্থান অনুযায়ী খেলতে হবে অতিরিক্ত আরেকটি ম্যাচ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ফাইনালে, রানার্সআপ দল দুটি লড়বে তৃতীয় স্থান নির্ধারণে। তৃতীয় হওয়া দলগুলো খেলবে পঞ্চম স্থানের লড়াইয়ে এবং চতুর্থ হওয়া দলগুলো মুখোমুখি হবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে।