সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে এক কলেজের প্রভাষকের বিরুদ্ধে। স্থানীয় বড়হর ইউনিয়নে ইউনিয়নে এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সরকারি রাস্তার পাশ থেকে বেআইনিভাবে মেহগনি গাছ কেটেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। অভিযোগ ওঠা শিক্ষক হাবিব তালুকদার বড়হর কলেজের প্রভাষক। শনিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের সরকারি নাম্বারিং করা তিনটি বড় মেহগনি গাছ কাটতে দেখা যায়। গাছ কাটার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অভিযুক্ত প্রভাষক হাবিব তালুকদার দাবি করেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতি নিয়েই গাছ কেটেছেন। এ বিষয়ে জানতে ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে চাইলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
সরজমিন ঘটনার বিস্তারিত জানতে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হন। শিক্ষক হাবিব তালুকদার দুদক কমিশনারের পরিচয় ব্যবহার করে নানা রকম কথা বলেন। মুঠোফোনে গণমাধ্যমকর্মীদের জানান, আপনার গাছ কাটা দেখার কে?
এলজিইডি কর্তৃপক্ষ জানায়, সরকারি রাস্তার গাছ কাটার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া ও টেন্ডার মূল্যায়ন প্রয়োজন। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে উল্লাপাড়া এলজিইডি প্রকৌশলী শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নেন। তার নির্দেশে সুপারভাইজার মেহেদি হাসান নান্নু ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ গাছ কাটা বন্ধ করে দেন।
