ইয়েমেন-সোমালিয়ার উপকূলে ২২ ভারতীয়সহ দুই জাহাজ ছিনতাই

ইয়েমেন-সোমালিয়ার উপকূলে ২২ ভারতীয়সহ দুই জাহাজ ছিনতাই

ফন্ট সাইজ:

ইয়েমেন ও সোমালিয়ার উপকূলের কাছে পৃথক ঘটনায় ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ সশস্ত্র জলদস্যুদের হাতে ছিনতাই হয়েছে। তবে দুই জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদে আছেন বলে শুক্রবার জানিয়েছেন ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর এনডিটিভির।

কর্মকর্তা জানান, প্রথম জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী এম/ভি লুতুফ। ১০ জন নাবিক নিয়ে জাহাজটি গত ১৭ আগস্ট সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটির নাবিকদের মধ্যে ছয়জন ভারতীয় ছিলেন।

এর তিন দিন পর, ২০ আগস্ট দ্বিতীয় জাহাজটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ইরিত্রিয়ার পতাকাবাহী তেলজাতীয় পণ্যবাহী ট্যাংকার এম/টি সিবু-১-এ মোট ২০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন ভারতীয়। ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে জাহাজটি সশস্ত্র জলদস্যুদের হাতে ছিনতাই হয়।

ভারতের ওই কর্মকর্তা জানিয়েছেন, দুই জাহাজে থাকা মোট ২২ জন ভারতীয় নাবিকই বর্তমানে নিরাপদে রয়েছেন।