তিন সচিব পদে রদবদল করেছে সরকার। এর মধ্যে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব, চুক্তিভিত্তিক) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিব (চুক্তিভিত্তিক) রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে পদায়ন করা হয়েছে।
রফিকুল আই মোহাম্মদের ক্ষেত্রে অল্প সময়ের ব্যবধানে আবারও দায়িত্ব পরিবর্তন করা হলো। গত ১০ই আগস্ট কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে তাকে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছিল। একই প্রজ্ঞাপনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়। এর আগে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিবের পদে খান মো. নূরুল আমীন দায়িত্ব পালন করছিলেন। ১০ই আগস্ট পৃথক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
